চুয়াডাঙ্গায় চলমান তাপপ্রবাহে জনদুর্ভোগ কমাতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চুয়াডাঙ্গা ইউনিট। গতকাল বৃহস্পতিবার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতা বৃদ্ধি, বিশুদ্ধ পানি বিতরণ, হাতপাখা ও ছাতা বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রেড ক্রিসেন্ট সূত্রে জানা যায়, দিনব্যাপী কর্মসূচির আওতায় শহরের বড় বাজার, কোর্ট মোড় ও সদর হাসপাতাল এলাকায় সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। পাশাপাশি তীব্র গরমে স্বস্তি দিতে পথচারী ও শ্রমজীবী মানুষের মধ্যে হাতপাখা ও ছাতা বিতরণ করা হয়। এছাড়া মাইকিংয়ের মাধ্যমে তাপপ্রবাহে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি ও জেলা প্রশাসক লুৎফুন নাহার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হামিদুর রহমান, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীম, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি রফিকুল ইসলাম, ইউনিট অফিসার শেখ মাহমুদুন নবী এবং যুব প্রধান হাবিবুর রহমান, রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী কমিটির সদস্য সেলিমুল হাবিব সেলিম, মফিজুর রহমান মনা, অ্যাডভোকেট শাহজাহান মুকুল, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, আল মাসুম বাবু, রওফুন নাহার রীনা, সিরাজুল ইসলাম মনিসহ স্বেচ্ছাসেবকবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ জানান, ‘চলমান তাপপ্রবাহে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং গরমজনিত অসুস্থতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
নিজস্ব প্রতিবেদক