দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান গাইন (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে নিজ গ্রাম ফুলবাড়ি উত্তরপাড়ার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মরহুম আক্কাস আলীর পুত্র। মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ বিদায় জানানো হয়। আসর নামাজের পর দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমের উপস্থিতিতে এবং দর্শনা থানা-পুলিশের একদল চৌকস সদস্যের নেতৃত্বে মরহুমের প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ফুলবাড়ি উত্তরপাড়া কবরস্থান মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ফুলবাড়ি উত্তরপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রতিবেদক কুড়ুলগাছি