মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৬-০৫-২০২৬ ইং
উথলীতে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকের মৃত্যু

জীবননগরের উথলীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইজিবাইক চালক লিখন হোসেন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সোমবার সকাল ৯টার দিকে রাজধানীর হোম কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লিখন হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের ফজলুল হকের ছেলে।


জানা যায়, গত শনিবার উথলী বিজিবি ক্যাম্পের সামনে জীবননগর-দর্শনা সড়কে ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং লিখন মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে যশোরে নেওয়া হয়। সেখানেও শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় নারী ও শিশুসহ মোট ৬ জন আহত হন। আহতদের মধ্যে আরও পাঁচজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


জীবননগর থানা-পুলিশ মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ইজিবাইকটিও পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদিকে লিখনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। গতকাল সোমবার সন্ধ্যায় তার মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছালে শেষবারের মতো তাকে দেখতে উথলী বাজার ফুটবল মাঠে ভিড় করেন স্থানীয়রা ও শুভাকাক্সক্ষীরা। পরে রাত ৯টায় উথলী বাজার ফুটবল মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উথলী বাজারপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।



কমেন্ট বক্স