চুয়াডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে জি.আর ক্যাশের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিদা ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হবেন, তখনই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) মাধ্যমে জেলা প্রশাসক বরাবর আবেদন করবেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘সরকারের কাছে পর্যাপ্ত বাজেট বরাদ্দ রয়েছে। এর আগেও যারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি আলমডাঙ্গায় ঘূর্ণিঝড়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকাতেও ক্ষয়-ক্ষতি হয়েছে।’
মাসুদ পারভেজ রাসেল বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আবেদন করার পর পর্যাপ্ত ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারকে ৪ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা নগদ সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া আলমডাঙ্গার ক্ষতিগ্রস্ত আরও ১০০টি পরিবারকে অবশিষ্ট বরাদ্দ থেকে নগদ সহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, এই সহায়তার মাধ্যমে হয়তো সব সমস্যার সমাধান হবে না, তবে আমরা ভবিষ্যতেও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সরকারের সদিচ্ছা রয়েছে, যাতে প্রকৃত ভুক্তভোগীরা তাদের প্রাপ্য সহায়তা পান। অনুষ্ঠানে জেলার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের মাঝে ৪ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার বিনামূল্যে জি.আর ক্যাশের চেক বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক