দর্শনা পৌরসভার পরানপুর গ্রামে দুই দিনের ব্যবধানে ৫টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে পরানপুরে সাজেদুল ইসলামের আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চোরেরা পিছনের ঝাপ ভেঙে প্রবেশ করে। এসময় একটি ৩২ ইঞ্চি টেলিভিশন, একটি রাউটার, রাউটারের তার, হোটেলের আটা, চাল, ডাল, ডিম, সবজি সহ প্রায় ৫৫-৬০ হাজার টাকার মালামাল চুরি হয়।
আরেক রাতে পরানপুর স্কুলপাড়ার ফারুক হোসেনের বাড়ি থেকে হাড়ি, বালতি, কড়াই, ঘড়া, মদনা, খুনতি ও গামলা চুরি করে নিয়ে যায় চোরেরা। একই পাড়ার আরও তিনটি বাড়ি থেকেও মোবাইল ফোন ও রান্নার সামগ্রী চুরি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, এসব এলাকায় গাজা, ইয়াবা ও মদসহ নেশাজাতীয় দ্রব্যের আসর নিয়মিত বসে। নেশার টাকা যোগাতে চুরির ঘটনা বেড়েছে। প্রতিদিন বেলেমাঠপাড়া, স্কুলের দক্ষিণ পাশ, আখক্ষেত, পুকুরপাড়, মাঠের ব্রিজের নিচে, আমবাগান ও বিভিন্ন স্থানে মাদকসেবীদের আড্ডা বসছে।
গ্রামবাসী জানান, চুরির ঘটনায় তারা আতঙ্কে রাত কাটাচ্ছেন। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
দর্শনা অফিস