চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে লিফলেট বিতরণ করা হয়েছে। নিরাপদ সড়ক চাই- নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে গতকাল শনিবার বিকালে শহরের কোর্ট মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে শহরে চলাচলকারী বাস, ট্রাক, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে সড়কে চলাচলকারী চালকদের বেশ কিছু নির্দেশনা পালন করতে উদ্বুদ্ধ করা হয়। যার মধ্যে বলা হয়েছে, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স, গাড়ির বৈধ কাগজপত্র ব্যতীত মোটরসাইকেল ও মোটরযান চালানো যাবে না। যত্রতত্র ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে। অফিস ও বাসার গেটের সামনে বৈধ ও অবৈধ যানবাহন পার্কিং করা সম্পন্ন নিষেধ। ইজিবাইক, পাখিভ্যান, রাস্তার উপর দাঁড়িয়ে যাত্রীদের সাথে ভাড়া লেনদেন করে রাস্তায় যানজট সৃষ্টি করবেন না। ফিডার রোড থেকে মেইন রোডে উঠার সময় রাস্তার মোড়ে গাড়ি রাখবেন না। ইজিবাইক, পাখিভ্যান, নছিমন, আলমসাধু, লাটাহাম্বার জাতীয় অবৈধ যানবাহন ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন সন্ধ্যার পরে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে গাড়ি চলাচল করবেন না এবং সন্ধ্যার পর থেকে সকাল ৬টা পর্যন্ত চলাচল করবে না। রাস্তার মোড়ে, ট্র্যাফিক মোড়ে গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানোর সময় যানজট সৃষ্টি করা যাবে না। ইজিবাইক রাস্তার যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী তোলার সময় যানজট সৃষ্টি করবে না। রাস্তার বামদিকে নিরাপদ স্থানে দাঁড়িয়ে যাত্রী ওঠা ও নামানো নির্ধারিত স্থানে করবে। রাস্তায় চলমান অবস্থায় হঠাৎ করে ডানদিকে ও বামদিকে গাড়ি ঘোরাবে না। সোজা ভাবে রাস্তার একইভাবে চলাচল করবে। অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের হাতে মোটরবাইক দেবে না। দ্রুতগতিতে যানবাহন চালাবে না। মোটরযানের ব্রেক সিস্টেম, চাকার হাওয়া, লাইটিং সিস্টেম, স্টিয়ারিং সিস্টেম ভালো করে পরীক্ষা করে রাস্তায় গাড়ি চালাবে। অতিরিক্ত মালামাল ও যাত্রী বহন করে রাস্তায় গাড়ি চালাবে না। রাস্তার প্রতিটি বাঁকে গাড়ির গতি কমিয়ে এবং হর্ন বাজিয়ে সতর্ক অবস্থায় বাঁক পার হবে।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. মানিক আকবর, সহসভাপতি কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক জামান আখতার, অর্থ সম্পাদক কিংকর কুমার দে, দপ্তর সম্পাদক শেখ লিটন, মহিলা বিষয়ক সম্পাদক তানজিলা মনোয়ার মিনি, সদস্য খোকন খান প্রমুখ।-
সমীকরণ প্রতিবেদক