জীবননগরে পেঁয়াজ চাষের ওপর কৃষক মাঠ দিবস ও কারিগরী আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জীবননগর পৌরসভার তেঁতুলিয়া মাঠে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। মাঠ দিবস ও কারিগরী আলোচনায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডিসি লুৎফুন নাহার বলেন, পেঁয়াজ আমাদের দৈনন্দিন রান্নার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে এবং আমদানিনির্ভরতা কমাতে স্থানীয়ভাবে পেঁয়াজের উৎপাদন বাড়াতে হবে। কৃষকদের আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষের পরামর্শ ও প্রণোদনা প্রদান করা হচ্ছে। আমি আশা করি, এ ধরনের মাঠ দিবস কৃষকদের মধ্যে নতুন প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে, যা ফলনে ইতিবাচক প্রভাব ফেলবে।
এসময় তিনি নিরাপদ ফসল উৎপাদন এবং স্থানীয়ভাবে প্রাকৃতিক উপায়ে ফসল উৎপাদন ও সংরক্ষণে জৈব প্রযুক্তির ব্যবহার বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করেন। মাটির স্বাস্থ্য ও ফসলের মান অক্ষুণ্ন রেখে ফসল উৎপাদনে কীটনাশক, স্টেরয়েড, হরমোনের নিয়ন্ত্রিত ব্যবহার বিষয়ে কৃষকদের সতর্ক করেন। তাছাড়াও তিনি কৃষকদের বিভিন্ন সমস্যা শোনেন এবং সমাধানের ব্যবস্থা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম রাসেল, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মিঠু চন্দ্র অধিকারী ও চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ কুমার দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল রানা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন উপ-সহকারী কৃষি অফিসার আমানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার শাহ আলম, দেলোয়ার প্রমুখ।
সমীকরণ প্রতিবেদক