আলমডাঙ্গা উপজেলার আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘লীড মার্কেটিং বিডি’র গাংনী ডিলার পয়েন্টের শুভ উদ্বোধন ও পণ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে| গতকাল শুক্রবার সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুস সালাম বিপ্লব| প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লীড মার্কেটিং বিডির ব্যবস্থাপনা পরিচালক এস এম সোলায়মান হাছাইন| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মুনমুন, মো. আবুল কালাম আজাদ ও মো. তারিকুল ইসলাম|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি মো. আখতারুজ্জামান হাবুল| এছাড়া উপস্থিত ছিলেন আসমানখালী ক্যাম্প ইনচার্জ এসআই কামাল হোসেন, লীড মার্কেটিং বিডির ডিলার মো. দেলোয়ার হোসেন, ভাংবাড়িয়া ইউনিয়নের ডিলার জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ| বক্তারা বলেন, লীড মার্কেটিং বিডি একটি সামাজিক ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য সরবরাহে কাজ করছে| এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা| অনুষ্ঠানে অসহায় ও দুস্থ নারী-পুরুষদের মাঝে তিন শতাধিক প্যাকেজ বিক্রয় করা হয়|
প্রধান আলোচক এস এম সোলায়মান হাছাইন তার বক্তব্যে বলেন, কোনো গ্রাহক তিনবার প্যাকেজ গ্রহণের পর অসুস্থ হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ওই পরিবারের জন্য তিনটি প্যাকেজ বিনামূল্যে দেওয়া হবে| এছাড়া এক বছরের মধ্যে কোনো গ্রাহক মারা গেলে তার পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হবে| এসময় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে স্বল্পমূল্যে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা| পরে গাংনী ডিলার পয়েন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়| অনুষ্ঠানে স্থানীয় নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়|
প্রতিবেদক হাটবোয়ালিয়া