দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামে মাদক সেবনের অভিযোগ তুলে একটি আশ্রমে এবং এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী| গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে গ্রামবাসীর উদ্যোগে এ ঘটনা ঘটে| স্থানীয় সূত্রে জানা যায়, উজিরপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে আজিজ প্রায় সাত বছর আগে ঈদগাহপাড়ার তালবাগান এলাকায় ‘ডিএসএস আশ্রম’ গড়ে তোলেন| আশ্রমটিতে আক্কাছ পাগলসহ বিভিন্ন এলাকার মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা আশ্রয় নিতেন| এলাকাবাসীর অভিযোগ, সেখানে গাঁজা ও অন্যান্য মাদক সেবন করা হতো|
এলাকাবাসীর দাবি, গ্রামের পরিবেশ রক্ষায় তারা একত্রিত হয়ে ওই আশ্রমে আগুন দেন| একই সময়ে গ্রামের কথিত মাদক ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতেও ভাঙচুর চালানো হয়| এ বিষয়ে আশ্রমের মালিক আজিজ বলেন, ‘আমার আশ্রমে বিভিন্ন এলাকার মানসিক ভারসাম্যহীন মানুষ এসে রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করতেন| কেউ কেউ সিদ্ধি সেবনও করতেন| গ্রামবাসী যেটা ভালো মনে করেছে সেটাই করেছে| এ বিষয়ে আমার কোনো অভিযোগ নেই|’
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, ‘গ্রামবাসীর উদ্যোগে মাদকের আখড়া ভেঙে দেওয়ার বিষয়টি শুনেছি| মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ছাড় নেই| মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে|’
প্রতিবেদক দামুড়হুদা