আলমডাঙ্গায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্ডল ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ| এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি মোটরসাইকেল ও স্কুলব্যাগ ফেলে পালিয়ে যায়| গতকাল শুক্রবার আলমডাঙ্গা পিটিআই মোড়ের মাধবীতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়| উদ্ধার করা স্কুলব্যাগ থেকে ৫ হাজার পিস ট্যাপেন্ডল ট্যাবলেট জব্দ করা হয়েছে|
পুলিশ জানায়, মাধবীতলা এলাকায় বিপুল পরিমাণ মাদক কেনাবেচা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়| পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবারি একটি মোটরসাইকেল ও স্কুলব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়| পরে ব্যাগ তল্লাশি করে ৫ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্ডল ট্যাবলেট উদ্ধার করা হয়| প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, পালিয়ে যাওয়া ব্যক্তির বাড়ি দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে|
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল বলেন, ‘মাদক নির্মূলে পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে| যেখানে মাদকের তথ্য পাওয়া যাবে, সেখানেই অভিযান চালানো হবে| ইতোমধ্যে আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে|’ তিনি আরও বলেন, ‘পুলিশের একার পক্ষে সবকিছু সম্ভব নয়| সাধারণ মানুষের সহযোগিতা পেলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে|’
আলমডাঙ্গা অফিস