শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালিদাসপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০২৬ ইং
কালিদাসপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আলমডাঙ্গার কালিদাসপুরে তরুণ ও যুবসমাজকে ক্রীড়ামুখী করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হয়েছে ‘কালিদাসপুর ফুটবল টুর্নামেন্ট (সিজন-১)-২০২৬’| গতকাল শুক্রবার বিকেল চারটায় কালিদাসপুর ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়| পরে প্রধান অতিথি ও উদ্বোধক আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ হাজী আতিয়ার রহমান বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন|

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস ও মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই| এ ধরনের আয়োজন গ্রামীণ জনপদে উৎসবের আমেজ সৃষ্টি করে|’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিদাসপুর ফুটবল ক্লাবের সভাপতি আলহাজ হাজী হারুনর রশীদ| সভাপতির বক্তব্যে তিনি টুর্নামেন্ট সফল করতে এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীদের সহযোগিতা কামনা করেন এবং খেলায় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান|

এসময় বক্তব্য দেন আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, ডিও চ্যানেলের সিইও ইউরোপ প্রবাসী আব্দুল্লাহ টিপু সুলতান, সাবেক ফুটবলার শরিফুল ইসলাম, মিজানুর রহমান, মহিউদ্দিন, প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, আব্দুল খালেক ও বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন| অনুষ্ঠান পরিচালনা করেন কালিদাসপুর ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন|

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় আলমডাঙ্গা মন্ডল স্পোর্টস একেএম এবং পাবনা নাজিরগঞ্জ ইয়াং স্টার ফুটবল একাদশ| খেলা শুরুর আগে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন, ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন| দুপুরের পর থেকেই স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে কালিদাসপুর ফুটবল মাঠ| দক্ষ রেফারি প্যানেলের পরিচালনায় অনুষ্ঠিত ম্যাচে মন্ডল স্পোর্টস ৬-১ গোলের বড় ব্যবধানে পাবনা নাজিরগঞ্জ ইয়াং স্টার ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে| তবে দুই দলই দর্শকদের উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়|




কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট কাজী হায়দারের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত