দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ
- আপলোড তারিখঃ
২০-১১-২০১৭
ইং
দর্শনা অফিস: পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে অবৈধ অনুপ্রবেশকারী মামুনকে দীর্ঘদিন পর ফেরত দেশে পাঠিয়েছে বিএসএফ। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে দর্শনা জয়নগর-গেদে সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত দেয়া হয়। জানা যায়, বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাট উপজেলার আব্দুল করিমের ছেলে মামুন (৪৫) ২০১৫ সালের ২ নভেম্বর রাজশাহী সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করে। এসময় পুলিশ সন্দেহ করে তাকে আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের কারনে তাকে জেলে পাঠায়। মামুন মানসিক রোগী হওয়ায় দীর্ঘদিন ভারতের চাপড়া থানায় রিদয় সেভ হোমে রাখা হয়। গতকাল দুপুর সাড়ে ৪টায় দর্শনা গেদে সীমান্তে ভারতীয় বিএসএফ বাংলাদেশের বিজিবির হাতে মামুকে হস্তান্তর করে। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের পক্ষে নীমতলা কোম্পানী কমান্ডার মখলেছুর রহমান ও ইমিগ্রেশন পুলিশ অফিসার শেখ মাহাবুবুর রহমান, হাবিলদার ইকবাল হোসেন, দামুড়হুদা থানার এসআই শ্যামল কুমার। ভারতের পক্ষে বিএসএফ’র গেদে কোম্পানী কমান্ডার বিমল বিশ্বাস ও ইমিগ্রেশন পুলিশ অফিসার তরুন সরকার।
কমেন্ট বক্স