দামুড়হুদা উপজেলার দর্শনায় যুবলীগের হামলায় দুই যুবদল কর্মী রক্তাক্ত জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে দর্শনা পুরাতন বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দর্শনা-মুজিবনগর সড়ক প্রদক্ষিণ করে। পরে দর্শনা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর ঈদগাপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, যুবলীগ কর্মী সোহাগ (২৮) ও লাল্টুর নেতৃত্বে ৭-৮ জন সোলমারি মাঠ এলাকায় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় দর্শনা এলাকার শ্যামপুর গ্রামের জান্টু মন্ডলের ছেলে যুবদল কর্মী পলাশ (৩৪) এবং রেজাউল ইসলামের ছেলে সোহান (২৮) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত পলাশের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক রেজাউল ইসলাম, নাসির উদ্দিন খেদু, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান লিংকন, মোস্তাফিজুর রহমান মোহন, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই ও যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ আহমেদসহ অন্যরা।
বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে দোষীদের আইনের আওতায় না আনা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এবিষয়ে দর্শনা থানার ওসি হিমেল রানা বলেন, এ ঘটনায় আহত পলাশের বাবা জাণ্টু মন্ডল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দর্শনা অফিস