পুরস্কার বিতরণ ও সমাপণী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হলো চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণ ও সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘আজকে এই খেলায় একদল জয়ী এবং একদল বিজয়ী। এখানে কেউ পরাজয় বরন করেনি, তারা তাদের উপজেলা থেকে জয়ী হয়ে এখানে এসেছে। কখনো পুরস্কার পাওয়া যাবে, কখনো পাওয়া যাবে না। তাই এটা নিয়ে মন খারাপ করার প্রয়োজন নেই। আজকের প্রতিযোগিতা সমানে সমানে হয়েছে। তোমাদের টিমওয়ার্কের প্রশংসা করতেই হয়। আজকের এই খেলায় তোমরা যেই আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও ধৈর্য্য দেখিয়েছ, এগুলো যদি তোমরা ধরে রাখতে পারো, তাহলে ভবিষ্যতে এগুলো তোমাদের কাজে লাগবে। একদিন তোমরাও বিশ্বকাপে নাম লেখাবে। তোমরাও বিশ্বকাপে খেলবে। এই প্রত্যাশা রেখে তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। তোমরা নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হও। তোমাদের প্রচেষ্টা থাকলে বাংলাদেশ একদিন বিশ্ব দরবারে নাম করবে তোমাদেরই হাত ধরে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র, চুয়াডাঙ্গা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হেমায়েত আলী শাহ, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাবেক ফুটবলার বিপুল হাসান হ্যাজি ও চুয়াডাঙ্গা বিএফএ’র সহসভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা। আরও উপস্থিত ছিলেন নাজমুল হক শান্তি ও চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাবের দপ্তর সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন, চুয়াডাঙ্গার ৪টি উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী এবং খেলোয়াড়বৃন্দ।
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গ্রুপ ‘এ’ বালিকা দলে চুয়াডাঙ্গা সদর উপজেলার অঙ্গীকার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-২ গোলে হারিয়ে জীবননগর উপজেলার পূর্ব চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে। গ্রুপ ‘এ’-এর বালক দলে আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম গ্রুপ ‘বি’-এর বালক দল চুয়াডাঙ্গা সদর উপজেলার পুষ্পকানন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলায় নির্দিষ্ট সময়ের ভেতর উভয় দলের গোল সংখ্যা একই থাকলে ম্যাচটি টাইব্রেকারে চলে যায়। টাইব্রেকারে আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।
নিজস্ব প্রতিবেদক