চুয়াডাঙ্গা সদর উপজেলায় বিরল প্রজাতির গন্ধগোকুলের (স্মল ইন্ডিয়ান সিভেট) ৫টি বাচ্চাকে উদ্ধার করে নিরাপদে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে পরিবেশবাদী সংগঠনের সদস্যরা। জানা গেছে, গতকাল বুধবার সকাল ৯টার দিকে তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়নের মাঝামাঝি শেকারগাড়ি মাঠে কৃষক মাসুদ রানার জমিতে ধান কাটার সময় শ্রমিকরা বাঘের বাচ্চার মতো দেখতে ৫টি প্রাণি দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয় বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সদস্যদের এবং বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা প্রভাষক আহসান হাবীব শিপলুকে।
খবর পেয়ে সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাচ্চাগুলোকে গন্ধগোকুল হিসেবে শনাক্ত করেন। পরে আশপাশ এলাকায় তাদের মাকে খুঁজতে শুরু করেন তারা। স্থানীয় কৃষকরাও জানান, এর আগে ওই এলাকায় মা গন্ধগোকুলকে দেখা গেছে। অনেকক্ষণ অনুসন্ধানের পর বাচ্চাগুলোকে নিরাপদ দূরত্বে রেখে অপেক্ষা করা হয়। কিছুক্ষণ পর বাচ্চাদের ডাক শুনে মা গন্ধগোকুল সেখানে এসে তাদের নিয়ে নিরাপদে চলে যায়।
প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, গন্ধগোকুল আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী, যা বর্তমানে বিপন্ন অবস্থায় রয়েছে। স্মল ইন্ডিয়ান সিভেট এ অঞ্চলে আগে বেশি দেখা গেলেও এখন খুবই কম দেখা যায়। সচেতনতার কারণেই স্থানীয় কৃষকেরা প্রাণীগুলোকে রক্ষা করেছেন। তিনি আরও জানান, গন্ধগোকুল একটি সংরক্ষিত প্রাণী। একে হত্যা, আটক, ক্রয়-বিক্রয় বা পাচার করা আইনত দণ্ডনীয় অপরাধ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য হাসানুজ্জামান রিগান, সাব্বির, আবরার ফাইয়াজসহ স্থানীয় গ্রামবাসী। পরে কৃষকদের মধ্যে বন্যপ্রাণীর গুরুত্ব, সংরক্ষণ ও সংশ্লিষ্ট আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।