চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
৮ মাস বয়সী মৃত শিশুটির নাম আমির হামজা। সে দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের ইব্রাহীমের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে গত ২৯ এপ্রিল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন আমির হামজা। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। চিকিৎসাধীন থাকা অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার তার মৃত্যু হয়।
সদর হাসপাতালের তথ্য মতে, আইসোলেশন ওয়ার্ড থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৭৪ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ১৪ জন। মোট মৃত্যু হয়েছে ২ শিশুর।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নাজমুস সাকিব বলেন, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশু রোগীদের ক্ষেত্রে বিশেষ নজর রাখা হচ্ছে। নিয়মিত চিকিৎসায় অনেকে সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছে। এ পর্যন্ত ২ শিশুর মৃত্যু হয়েছে।
নিজস্ব প্রতিবেদক