ঝিনাইদহ সদর উপজেলায় কৃষি ও গ্রামীণ রূপান্তরের মাধ্যমে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধির লক্ষ্যে 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৬ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের ঢাকা কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই কার্যক্রম উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইদহ সদর উপজেলা অফিসের আয়োজনে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্টনার প্রকল্পের (যশোর অঞ্চল) সিনিয়র মনিটরিং অফিসার শেখ মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে ঝিনাইদহ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তারেক হাসান, ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী অতিরিক্ত উপ-পরিচালক আনিসুজ্জামান খান, কৃষক সাইফুল ইসলাম ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, বাংলাদেশের কৃষি খাতের আধুনিকায়ন এবং কৃষকদের জীবনমান উন্নয়নে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কৃষি উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে কীভাবে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বাড়ানো যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশ্বব্যাংক ও ইফাদের (ওঋঅউ) সহযোগিতায় পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষকরা আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিপণন ব্যবস্থার উন্নয়নে নতুন দিশা পাবেন বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় কৃষি কর্মকর্তা, মাঠ পর্যায়ের কর্মী এবং আমন্ত্রিত ৭০ জন কৃষক ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ অফিস