আলমডাঙ্গায় অভিনব কৌশলে স্বর্ণের ৩টি চেন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলমডাঙ্গা চারতালা মোড়ে অবস্থিত রাসমনি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্রে জানা যায়, একজন ব্যক্তি ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে স্বর্ণের চেন দেখতে চান। এসময় দোকান মালিক বিভিন্ন ডিজাইনের তিনটি চেন বের করে দেখানোর একপর্যায়ে ওই ব্যক্তি হঠাৎ করেই চেইনগুলো নিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে বাইরে অপেক্ষমাণ সহযোগীর মোটরসাইকেলে উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দোকান মালিক জানান, চুরি হওয়া তিনটি স্বর্ণের চেইনের আনুমানিক মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।” তিনি আরও বলেন, “এ ধরনের অভিনব কৌশলের চুরির ঘটনায় দোকানদারদের আরও সতর্ক ও সচেতন থাকতে হবে।
এদিকে ঘটনার পর স্বর্ণ পট্টির ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।
আলমডাঙ্গা অফিস