রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় জমি বিরোধে হামলার অভিযোগ

  • আপলোড তারিখঃ ১২-০৪-২০২৬ ইং
কার্পাসডাঙ্গায় জমি বিরোধে হামলার অভিযোগ

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক নারীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চোখের ওপর ১৬টি সেলাই দিতে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার বেলা ২টার দিকে কার্পাসডাঙ্গা গ্রামের বাসিন্দা সামসুল আলমের স্ত্রী মহিমা খাতুনের ওপর হামলার ঘটনা ঘটে। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবার জানায়, মৃত আজিম হোসেনের কন্যা মহিমা খাতুন ও তার বোনদের শরিকানা ভিটা জমির একটি অংশ প্রতিপক্ষ আহসান কৌশলে দখল করে ঘর নির্মাণ করেন। বিষয়টি নিষ্পত্তির জন্য শনিবার সকালে সার্ভেয়ার এনে জমির মাপজোখ শুরু করা হয়। উভয় পক্ষের উপস্থিতিতে জমি পরিমাপের কাজ চলাকালে এতে বাধা দেন আহসান। এসময় কথাকাটাকাটির একপর্যায়ে আহসান, তার ভাই শাহজামাল, আলমাস ও আব্বাস মিলে মহিমা ও তার বোনদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলার সময় দেশীয় অস্ত্রের আঘাতে মহিমা খাতুন গুরুতর আহত হন। তার চোখের ওপর গভীর ক্ষত সৃষ্টি হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা তার চোখের ওপর ১৬টি সেলাই দেন।


এ ঘটনায় মহিমার স্বামী সামসুল আলম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে অভিযুক্ত আহসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দীন জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত