চুয়াডাঙ্গা সদর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সদর উপজেলার হাটকালুগঞ্জ, ভালাইপুর ও সরোজগঞ্জ বাজারে এ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে মো. আব্দুল মান্নানের এবিএম স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৩৮ ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করায় মো. হাসানের হাসান স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে তেলে পরিমাপে কম দেওয়ার অপরাধে ৪৮ ধারায় মো. মনিরুল ইসলামের মেসার্স মনিরুল ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ব্যবসায়ীদের আইন মেনে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ক্রয়ের ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রি না করা এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানটি পরিচালনা করেন। এসময় সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সমীকরণ প্রতিবেদন