জীবননগরে আকস্মিক কাল বৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে দুই পরিবারের অন্তত ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ও রাজশাহীতে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে ঝড়ে মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর মাঠপাড়ায় এই ঘটনা ঘটে। গুজরত আহতেরা হলেন উপজেলার মনোহরপুর মাঠপাড়ার ইসমাইল হোসেন ও মোছা. আফিয়া খাতুন
এদিকে খবর পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে তাদের শুকনো খাবার এবং ঢেউটিন দেওয়া হয়েছে।
আফিয়ার স্বামী মো. রাজু বলেন, ‘আমরা ঘরে ছিলাম। হঠাৎ ঝড় শুরু হলে একটি শিমুল গাছ আমাদের ঘরের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে ঘরের চাল ভেঙে যায়। এসময় আমার স্ত্রীর মাথায় আঘাত লাগে। প্রথমে তাকে জীবননগর হাসপাতালে নিই। তাকে রাজশাহী নিয়ে যাচ্ছি।’
এর আগে ঝড়ের পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ও রাজশাহীতে রেফার করা হয়।
ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসলাম। প্রাথমিকভাবে তিন পরিবারকে শুকনো খাবার সহায়তা দেওয়া হয়েছে। পরে প্রতিটি পরিবারকে দুই বান করে ডেউটিন ও ঘর মেরামতের জন্য নগদ টাকা সহয়তা দেওয়া হবে। তাদের আরও সহযোগিতা করার জন্য জেলা প্রশাসককে জানানো হয়েছে।
সমীকরণ প্রতিবেদক