আলমডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অবহেলিত ড্রেন ও রাস্তার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। নাগরিক সেবার অভাব ও পৌরসভার উদ্যোগ না থাকায় শেষ পর্যন্ত নিজ উদ্যোগেই ড্রেন পরিষ্কার ও রাস্তা নির্মাণ কার্যক্রম শুরু করেছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, বছরের পর বছর ধরে ওই এলাকায় ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা বিরাজ করছে। সামান্য বৃষ্টিতেই ড্রেনের পানি উপচে রাস্তায় উঠে আসে এবং অনেক সময় বাসাবাড়ির ভেতরেও ঢুকে পড়ে। এতে করে বসবাস অনুপযোগী হয়ে উঠছে পুরো এলাকা।
এ অবস্থায় স্থানীয়দের সম্মিলিত উদ্যোগে প্রায় ৪০ হাজার টাকা সংগ্রহ করে ড্রেন পরিষ্কার ও আংশিক রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছে। গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ড্রেনের ঢাকনা খুলে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে, যাতে পানি চলাচল স্বাভাবিক হয়। পাশাপাশি কাঁচা ও ভাঙা রাস্তাগুলো সংস্কারের উদ্যোগও নেওয়া হয়েছে।
এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা পৌরসভা থেকে কোনো ধরনের নাগরিক সুবিধা পাই না। বৃষ্টি হলেই ড্রেনের পানি ঘরের ভেতরে ঢুকে পড়ে। তখন দুর্ভোগ চরমে পৌঁছে যায়। বাধ্য হয়ে নিজেরাই কাজ শুরু করেছি।’ স্থানীয়রা অভিযোগ করেন, নিয়মিত ময়লা অপসারণ, ড্রেন সংস্কার, রাস্তা উন্নয়ন কিংবা জলাবদ্ধতা নিরসনে পৌরসভার কার্যকর কোনো উদ্যোগ দীর্ঘদিন দেখা যায়নি। ফলে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে দিন দিন।
এলাকাবাসী দ্রুত আলমডাঙ্গা পৌর প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, একটি প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে যে সেবাগুলো প্রত্যাশিত: উন্নত ও টেকসই সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসন। নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম, নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা, পর্যাপ্ত সড়ক বাতি ও নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও জনস্বাস্থ্য সেবা, নাগরিক অভিযোগ দ্রুত নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ীভাবে ড্রেন ও রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন করা না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। এ বিষয়ে আলমডাঙ্গা পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপই এখন এলাকাবাসীর একমাত্র প্রত্যাশা।
আলমডাঙ্গা অফিস