মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হবে বৈশাখী শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • আপলোড তারিখঃ ০৭-০৪-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পহেলা বৈশাখ উপলক্ষে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাঠ করে শোনান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে স্থানীয়ভাবে উক্ত দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।


আলোচনায় বলা হয়, পহেলা বৈশাখের দিন চাঁদমারি মাঠ থেকে সকালে শোভাযাত্রার মাধ্যমে দিনটির সূচনা হবে। পরবর্তীতে শোভাযাত্রা শেষে সরকারি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হবে বাংলা নববর্ষকে। নববর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়।


এসময় সভাপতির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘আমি শুনেছি আপনারা খুব সুন্দরভাবে প্রতিবছর জেলায় এই নববর্ষ উদ্যাপন করে থাকেন। এবারো তার ব্যতিক্রম হবে না। এবং আপনারা এবার নতুন সরকারের নতুন আঙ্গিকে এই দিনটি পেয়েছেন। আগে মঙ্গল শোভাযাত্রা হতো, তবে এবার নাম দেওয়া হয়েছে বৈশাখী শোভাযাত্রা।’ তিনি আরও বলেন, ‘এই দিনটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে খেয়াল রাখবেন আমাদের বাঙালি সংস্কৃতি ব্যতীত হিন্দি গানে বা অন্য কোনো গানে নাচানাচি কিংবা অন্য কোনোভাবে দিনটি উদ্যাপন করা না হয়।’


সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, প্রফেসর মো. কামরুজ্জামান, সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুন্সি আবু সাইফ, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, তথ্য অফিসার শিল্পী মন্ডলসহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা পৌর ৩ নম্বর ওয়ার্ডে ড্রেন-রাস্তা বেহাল