মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক লুৎফুন নাহার

উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাই একসাথে কাজ করব
  • আপলোড তারিখঃ ০৭-০৪-২০২৬ ইং
দামুড়হুদায় মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক লুৎফুন নাহার

দামুড়হুদা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিগণের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় অবহেলিত দামুড়হুদা উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনদুর্ভোগ লাঘবে শৃঙ্খল পরিবেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়। উপস্থিত অতিথিগণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও অভিভাবকবৃন্দ তাদের নিজ নিজ অভিমত ব্যক্ত করেন এবং বাস্তবভিত্তিক নানা সমস্যার চিত্র উত্থাপন করেন। অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার পানি নিষ্কাশন, মাদকদ্রব্য, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, সরকারি দপ্তরের অনিয়ম-দুর্নীতি ও সেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা হয়। উপস্থিত অতিথিদের নিকট উল্লেখিত বিষয়গুলো সভার প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক লুৎফুন নাহার মনোযোগ সহকারে শোনেন।


দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উবায়দুল রহমান সাহেলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাগর দে, আব্দুল্লাহ আল শামীম, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেজবাহ উদ্দিন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, দামুড়হুদা উপজেলা জামায়াতের সেক্রেটারি আবেদউদ দৌলা টিটন ও দামুড়হুদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম।


সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘দামুড়হুদা উপজেলা তথা চুয়াডাঙ্গা জেলার সার্বিক পরিস্থিতি উন্নয়ন ও জনগণের কল্যাণে সকলে মিলে একসাথে কাজ করতে চাই। চুয়াডাঙ্গা একটি অপার সম্ভাবনাময় জেলা, যেখানে উন্নয়নের ক্ষেত্র এখনো উন্মুক্ত রয়েছে। উন্নয়নে আমাদের সাথে সাথে উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদক, কিশোর গ্যাং-সহ সকল অপরাধ, অনিয়ম-দুর্নীতি রুখতে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। পাশাপাশি সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা বজায় রাখতে হবে। দেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাসহ জেলাবাসীর উন্নয়নে আমরা সবসময় পাশে থাকতে চাই।’


তিনি আরও বলেন, ‘গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে যাচ্ছে। সমাজ ও উপজেলা তথা জেলার সার্বিক পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের কাজের গতি বাড়াবে, সেই সাথে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রশাসন ও গণমাধ্যমকে একসাথে কাজ করতে হবে। পারস্পরিক সমন্বয় জোরদার হলে জনগণের সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা সম্ভব হবে।’ এসময় জেলা প্রশাসক উপস্থিত অতিথিবৃন্দের মাধ্যমে উখাপিত সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করে।



কমেন্ট বক্স