মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার স্বপ্ন সুপারশপে মেয়াদোত্তীর্ণ পানি বিক্রির অভিযোগ

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০২৬ ইং
আলমডাঙ্গার স্বপ্ন সুপারশপে মেয়াদোত্তীর্ণ পানি বিক্রির অভিযোগ

আলমডাঙ্গায় স্বপ্ন সুপারশপে মেয়াদোত্তীর্ণ বোতলজাত পানি বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগী রাজা আহম্মেদ, পেশায় মোবাইল ব্যবসায়ী জানান, গত শনিবার রাত ৮টার দিকে তিনি আলমডাঙ্গা পৌরশহরের স্বপ্ন সুপারশপ থেকে বোতলজাত পানি কেনেন। পরে বোতলের গায়ে থাকা লেবেল পরীক্ষা করে দেখেন, পানিটির মেয়াদ প্রায় এক মাস আগেই শেষ হয়ে গেছে। এতে সন্দেহ হলে তিনি পুনরায় দোকানে গিয়ে আরও কয়েকটি বোতল যাচাই করেন। তাঁর দাবি, সেগুলোর মধ্যেও এক থেকে দুই মাস আগে মেয়াদোত্তীর্ণ হওয়ার তথ্য পাওয়া যায়।


ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তাদের মতে, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে এমন অনিয়ম জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অভিযোগের বিষয়ে স্বপ্ন সুপারশপটির অপারেশন ম্যানেজার মাহবুব রহমান বলেন, ‘সম্ভবত ভুলবশত মেয়াদোত্তীর্ণ কিছু পানি বিক্রির জন্য শপে রয়ে গেছে। আগে একজন কর্মী এসব পণ্যের দেখভাল করতেন, তিনি সম্প্রতি চাকরি ছেড়ে দিয়েছেন। বিষয়টি নিয়ে আমরা অভ্যন্তরীণভাবে তদন্ত করছি।’


এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার বলেন, ‘মেয়াদোত্তীর্ণ পানি বিক্রির বিষয়টি এখনো আমার নজরে আসেনি। তবে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



কমেন্ট বক্স