মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী জোড়াকোঠা

পরিত্যক্ত জরাজীর্ণ ভবনে দুর্ঘটনার শঙ্কা!
  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০২৬ ইং
আলমডাঙ্গায় ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী জোড়াকোঠা

আলমডাঙ্গা শহরের রথতলায় অবস্থিত ঐতিহাসিক জোড়াকোঠাটি বর্তমানে এক মরণফাঁদে পরিণত হয়েছে। এক সময়ের প্রভাবশালী পাডিয়া পরিবারের এই আভিজাত্যের প্রতীকটি এখন সংস্কারের অভাবে অত্যন্ত জরাজীর্ণ ও শ্রীহীন। ১৯২০ সালের দিকে নির্মিত এই শতবর্ষী স্থাপত্যটি দীর্ঘকাল পরিত্যক্ত অবস্থায় থাকায় এর দেয়ালগুলোতে বিশালাকার ফাটল দেখা দিয়েছে এবং পলেস্তারা খসে কঙ্কালসার অবস্থা ধারণ করেছে। বিশেষ করে যে ঝুলন্ত বারান্দাটি নিয়ে এক সময় আভিজাত্যের লড়াই হয়েছিল, সেই বারান্দাটি এখন পথচারীদের মাথার ওপর ভয়াবহ ঝুঁকি নিয়ে ঝুলে আছে।


দালানটির ছাদ ও কার্নিশজুড়ে আগাছা এবং বট-পাকুড় গাছের শিকড় এমনভাবে গেঁথে গেছে যে, তা কাঠামোর মূল ভিত্তিকেই দুর্বল করে দিচ্ছে। রথতলার মতো ব্যস্ততম একটি এলাকায় অবস্থিত হওয়ায় এই ভগ্নপ্রায় ভবনের নিচ দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। স্থানীয় বাসিন্দাদের মনে সবসময় এক অজানা আতঙ্ক বিরাজ করে, সামান্য ঝড় বা ভূমিকম্পে এই বিশাল দালানটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এতে শুধু একটি ঐতিহাসিক স্মৃতির বিলুপ্তি ঘটবে না, বরং যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি ও জানমালের অপূরণীয় ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।


দালানের পাশ দিয়ে নিয়মিত যাতায়াতকারী মিলন উদ্দিন বলেন, ‘ঐতিহ্যবাহী এই দালানটি আলমডাঙ্গার গৌরবময় ইতিহাসের সাক্ষী, বর্তমানে এর করুণ দশা জননিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই জনস্বার্থ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই ঐতিহাসিক স্থাপত্যটি রক্ষা এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।’


ভবনটির কাঠামোগত সক্ষমতা যাচাই করে একে সংস্কারের মাধ্যমে সংরক্ষণ করা অথবা জননিরাপত্তার খাতিরে অতি ঝুঁকিপূর্ণ অংশগুলো অপসারণের ব্যবস্থা গ্রহণ করতে কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি। সঠিক সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে এর চরম মূল্য দিতে হতে পারে।



কমেন্ট বক্স