মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় এক দিনের ব্যবধানে তাপমাত্রার পারত নামলো ৯ ডিগ্রি

মেঘলা আকাশ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, হিমেল বাতাসে স্বস্তি
  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় এক দিনের ব্যবধানে তাপমাত্রার পারত নামলো ৯ ডিগ্রি

টানা তিন দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই তাপমাত্রা জনজীবনে নিয়ে আসে চরম দুর্ভোগ। প্রখর রোদ আর তীব্র গরমে স্থবির হয়ে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি বিপাকে পড়েন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা-প্রয়োজন ছাড়া বাইরে বের হতে দেখা যায়নি সাধারণ মানুষকে।


দুপুরের খরতাপে যেন আগুন ঝরছিলো আকাশ থেকে। বাতাসে ছিল গরমের তীব্র দাপট, যা আরও অসহনীয় করে তুলেছিলো পরিস্থিতি। শ্রমজীবী মানুষদের জীবিকা নির্বাহ করতে গিয়ে সহ্য করতে হয়েছে চরম কষ্ট। অনেকেই কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন, আবার কেউ কেউ জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই নেমেছেন রোদে পুড়ে কাজ করতে।


তবে গতকাল রোববার সকালটা যেন নিয়ে এলো স্বস্তির বার্তা। ভোর থেকেই আকাশে জমতে থাকে হালকা কালো মেঘ। সূর্যের প্রখরতা ছিল অনেকটাই কম। এরই মধ্যে শুরু হয় মৃদু বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। প্রকৃতির এই পরিবর্তনে কিছুটা হলেও কমে আসে তাপমাত্রার তীব্রতা।


চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে, গতকাল বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ। যেখানে আগের দিন বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ ৯ ডিগ্রি তাপমাত্রা কমায় জনজীবনে ফিরেছে স্বস্তি। এবং শীতল বাতাস আর হালকা বৃষ্টির ছোঁয়ায় প্রাণ ফিরে পায় জনজীবন। মানুষজন ঘর থেকে বের হতে শুরু করে, স্বাভাবিক হতে থাকে দৈনন্দিন কর্মকাণ্ড। রাস্তায় আবারও দেখা যায় মানুষের চলাচল, দোকানপাটেও ফিরে আসে কর্মচাঞ্চল্য।


গত কয়েকদিনের অসহনীয় গরমের পর আজকের এই আবহাওয়া যেন এক টুকরো স্বস্তি হয়ে ধরা দিয়েছে চুয়াডাঙ্গার মানুষের কাছে। তবে আবহাওয়ার এই পরিবর্তন কতটা স্থায়ী হবে, তা নিয়ে রয়েছে সংশয়। তবুও স্বল্প সময়ের এই স্বস্তিই যেন নতুন করে প্রাণ জুগিয়েছে জেলার মানুষের মাঝে। প্রকৃতির এই রূপান্তর যেন মনে করিয়ে দেয় কঠিন সময়ের পরেই আসে স্বস্তির ছোঁয়া।



কমেন্ট বক্স