চুয়াডাঙ্গায় নবাগত জেলা প্রশাসক লুৎফুন নাহারের সাথে কোর কমিটির সদস্য, রাজনৈতিক প্রতিনিধিবৃন্দ, জ্বালানি তেল সংশ্লিষ্ট দপ্তর প্রধান, চেম্বার অব কমার্স, দোকান মালিক সমিতিসহ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নয়ন কুমার রাজবংশীর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘আমাদের দেশে তেলের কোনো ক্রাইসিস নেই। আমাদের অসাধুতার ফলেই এমন হয়েছে। ফুয়েল ক্রাইসিস শব্দটা ব্যবহার করার পক্ষে আমি না। আজ অবধি বাংলাদেশর কোনো জাহাজ হরমুজ প্রণালীতে আটক হয়নি। স্বাভাবিক নিয়মেই সব চলছে। আমাদের অসাধুতার ফল এটা।’
জেলা প্রশাসক অনুরোধ করে বলেন, সর্বপ্রথম আমাদের এই অসাধু চক্রটা ধরে ভাঙতে হবে, তবেই এই সমস্যার সমাধান সম্ভব। তেলের যতটুকু চাহিদা, সেই চাহিদার তুলনায় এক লিটার তেলও সরকার কম দিচ্ছে না। ফিলিং স্টেশনের মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো ফিলিং স্টেশনে অবৈধভাবে ১ লিটার তেলও যদি মজুদ থাকে, তবে ওই ফিলিং স্টেশন বন্ধ হয়ে যাবে।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি.এম. তারিক-উজ-জামান, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, দোকান মালিক সমিতির সভাপতি মনজুরুল এলাহী লার্জ, সাধারণ সম্পাদক সুমন পারভেজ খান, পাস্প মালিক সমিতির সভাপতি-সেক্রটারিসহ অন্যান্য সদস্যবৃন্দ ও সাংবাদিকগণ।
নিজস্ব প্রতিবেদক