রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মোস্তাফিজুরের

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০২৬ ইং
আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মোস্তাফিজুরের

আলমডাঙ্গা উপজেলার সাহেবপুর গ্রামের ওয়েল্ডিং মিস্ত্রি মোস্তাফিজুর রহমান (২৫) বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার সাহেবপুর গ্রামের পাশ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলার চান্দামারী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মোস্তাফিজুর রহমান আলমডাঙ্গা উপজেলার সাহেবপুর গ্রামের হাবিল আলীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে চান্দামারী গ্রামের একটি নির্মাণাধীন দুইতলা ভবনের ছাদে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন মোস্তাফিজুর রহমান। কাজ করার সময় অসাবধানতাবশত তার ব্যবহৃত লোহার রড পাশ দিয়ে অতিক্রম করা উচ্চ ভোল্টেজ বিদ্যুতের লাইনের সংস্পর্শে চলে আসে। মুহূর্তের মধ্যেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে দগ্ধ হন এবং ছাদেই লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত সহকর্মী ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে।


গুরুতর অবস্থায় তাকে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ফলে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।


এলাকায় তিনি একজন পরিশ্রমী, ভদ্র ও সৎ শ্রমিক হিসেবে পরিচিত ছিলেন। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তিনি ওয়েল্ডিংয়ের কাজ করে আসছিলেন।


মোস্তাফিজুর রহমান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার উপার্জনের ওপরই নির্ভরশীল ছিল পুরো পরিবার। পারিবারিক সূত্রে জানা গেছে, এক ছেলে ও এক মেয়ের সন্তানের বাবা ছিলেন মোস্তাফিজুর রহমান। তার হঠাৎ মৃত্যুতে স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। সংসারের একমাত্র অবলম্বন হারিয়ে পরিবারটির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত