জীবননগর বাসস্ট্যান্ডে ‘নয়নজুলি খাল ভরাট করে রাস্তা তৈরি’র প্রতিবাদে গতকাল শনিবার বেলা সাড়ে ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তবে ব্যবসায়ী আসাদুজ্জামান আকুল বলছেন, খাল ভরাট করা হচ্ছে না। খালের পানি প্রবাহ ঠিক রেখে ব্রিজ নির্মাণ করছেন।
গতকাল মানববন্ধনে বক্তব্য দেন— জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, সাবেক পৌর কমিশনার আব্দুর রশিদ, সাবেক কমিশনার ও পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী সরদার।
মানববন্ধনে বক্তারা বলেন, নয়নজুলি খালটি সরকারি সম্পদ ও জনগুরুত্বপূর্ণ জলাধার। এটি অবৈধভাবে ভরাট করে রাস্তা তৈরির যে চেষ্টা চালানো হচ্ছে, তা আইনসম্মত নয়। প্রশাসনের কাছে আমাদের দাবি, তাৎক্ষণিকভাবে ভরাট বন্ধ করে খালটি পুনরুদ্ধার করতে হবে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। খাল বন্ধ করে রাস্তা নির্মাণ করা হলে খালের অস্তিত্বই বিপন্ন হবে। যারা খাল ভরাট করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর দপ্তরে যাব।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন— জীবননগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন, সদস্যসচিব সুমন বিশ্বাস, শ্রমিক নেতা শফিকুল ইসলাম খোকা, ছাত্রশিবিরের সাইমুম পারভেজ প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন।
এ বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী আসাদুজ্জামান আকুল বলেন, খালের পাশে আমার কিছু জমি রয়েছে। সেখানে যাতায়াতের জন্য খালের পানি প্রবাহ ঠিক রেখে ৪০ ফুট লম্বা এবং ২০ ফুট চওড়া একটি ব্রিজ নির্মাণ করতে চাচ্ছি। ব্রিজ নির্মাণের জন্য সেখানে কাজ শুরু করেছিলাম। আমি এ বিষয়ে কোনো প্রচার চাইনি। তবে বিষয়টি ভিন্নভাবে প্রচার করা হচ্ছে। আমি নাকি সেখানে খাল ভরাট করে রাস্তা নির্মাণ করছি—এটা সম্পূর্ণ মিথ্যা। আমি খালের পানি প্রবাহ ঠিক রেখে ব্রিজ নির্মাণ করছি। খাল ভরাট করা হয়নি।
জীবননগর অফিস