জ্বালানি সংকটের কারণে চুয়াডাঙ্গার বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘদিন ধরে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন এবং রাতভর অবস্থানের প্রবণতা দেখা যাচ্ছিল। এতে সাধারণ চালকরা চরম ভোগান্তিতে পড়ছিলেন।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল শনিবার রাত ১০টার দিকে জেলার সব ফিলিং স্টেশনে তদারকি অভিযান চালায় জেলা প্রশাসন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈমের নেতৃত্বে পরিচালিত অভিযানে পাম্পগুলোতে অবস্থানরত যানবাহন সরিয়ে দেওয়ার পাশাপাশি সারারাত লাইনে দাঁড়ানোর প্রবণতা বন্ধে সতর্কতা জারি করা হয়।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম বলেন, পেট্রোল পাম্পগুলোতে রাতভর যানবাহন লাইনে রাখা এবং অনেক চালকের সেখানে অবস্থান করার কারণে নিয়মিত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল। এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আগামীকাল (আজ) থেকে ফুয়েল কার্ড প্রদর্শনের ভিত্তিতে তেল সরবরাহ করা হবে। ফুয়েল কার্ড ছাড়া কাউকে তেল দেওয়া হবে না।
অভিযানে জেলা প্রশাসন, পৌরসভা, জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক