মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম

সহজে ন্যায়বিচার পেতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান
  • আপলোড তারিখঃ ০২-০৪-২০২৬ ইং
চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম

চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় জেলা লিগ্যাল এইড কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গার সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম।


তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় লিগ্যাল এইড কমিটি সক্রিয়ভাবে কাজ করছে এবং এর মাধ্যমে অসচ্ছল বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনজীবী প্রদান করা হচ্ছে। তিনি আরও জানান, গত কয়েক বছরে লক্ষাধিক মানুষ এই সেবার আওতায় এসেছেন এবং হাজার হাজার মামলা নিষ্পত্তি হয়েছে। এতে বিচার ব্যবস্থার ওপর চাপ কমানোর ক্ষেত্রে লিগ্যাল এইড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, পারিবারিক বিরোধ, ভূমি সংক্রান্ত জটিলতা এবং শ্রমিকদের অধিকার রক্ষার মতো সংবেদনশীল বিষয়ে লিগ্যাল এইড কার্যক্রম কার্যকর অবদান রাখছে বলে উল্লেখ করেন তিনি।


সভায় জানানো হয়, লিগ্যাল এইড অফিসের হটলাইন নম্বর ১৬৪৩০ চালুর ফলে সাধারণ মানুষ সহজেই আইনি পরামর্শ পাচ্ছেন। গ্রামাঞ্চলের মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে, আগামী ২৮ এপ্রিল ২০২৬ জাতীয় লিগ্যাল এইড দিবস উদ্যাপন উপলক্ষে সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ওই দিন সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। পরে জেলা আইনজীবী সমিতির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


জেলা লিগ্যাল এইড অফিসার মোরশেদ আলমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহান আলী, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মীর্জা শহিদুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শামীমা ইয়াসমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ছানোয়ার হোসেন, সহকারী কৌশলী জিপি আব্দুল মালেক, ওয়েভ ফাউন্ডেশনের কানিজ সুলতানা এবং প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



কমেন্ট বক্স