চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে দ্বিতীয় দিনের মতো ‘ফুয়েল কার্ড’ বিতরণ করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে জেলার চারটি উপজেলা পরিষদে এ কার্ড বিতরণ করা হয়। এদিকে, আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে গিয়ে স্ট্রোক করে বখতিয়ার রহমান (৫৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার ভেদামারী গ্রামের রফিউদ্দিন মোল্লার ছেলে।
নিহতের চাচাতো ভাই আবুল হোসেন জানান, সকালে ফুয়েল কার্ডের জন্য আলমডাঙ্গা উপজেলা চত্বরে লাইন দাঁড়ান বখতিয়ার রহমান। প্রচণ্ড ভিড়ে তিনি স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে একটা স্থানীয় বেসরকারি ক্লিনিকে নিলে জানা যায় তিনি মারা গেছেন।
ফুয়েল কার্ড সংগ্রহের সময় বৃদ্ধি:
চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ‘ফুয়েল কার্ড’ বিতরণের সময় বৃদ্ধি করছে প্রশাসন। আগামী ২ এপ্রিল পর্যন্ত স্ব স্ব উপজেলা থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন জ্বালানি গ্রাহকরা। তবে আজ পহেলা এপ্রিল থেকে কার্ড ছাড়া ফুয়েল দেয়া হবে না। এর আগে গত সোমবার (৩০ মার্চ) সকাল থেকে জেলা প্রশাসকের কাযালয় ফুয়েল কার্ড ইস্যু শুরু করে। মঙ্গলবার থেকে স্ব স্ব উপজেলা পরিষদ থেকে এই কার্ড ইস্যু করা হচ্ছে।
এর আগে জেলা প্রশাসনের সিদ্ধান্তে জানানো হয়, ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসক কার্যালয় থেকে যানবাহনের জন্য ফুয়েল কার্ড বিতরণ শুরু হবে। ফুয়েল কার্ড সংগ্রহ করতে হলে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। আগামী ৩ এপ্রিল থেকে শুধুমাত্র ফুয়েল কার্ডধারী যানবাহনেই জ্বালানি তেল সরবরাহ করা হবে। প্রয়োজন অনুযায়ী তেল প্রদান করা হবে এবং প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ২২টি পাম্পে একযোগে তেল বিক্রি চলবে।
তবে কৃষকদের জন্য এ নিয়ম শিথিল রাখা হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত ডিজেল আগের মতোই ২৪ ঘণ্টা বিক্রি করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান বলেন, ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি সংগ্রহ শুরু হলে তেলপাম্পগুলোতে বিশৃঙ্খলা রোধ করা যাবে। এমনকি কালোবাজির চেষ্টা যারা করছে তাদেরও নিয়মের মধ্যে আনা সম্ভব হবে। ফলে জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা অনেকটাই স্বাভাবিক হবে। একজনের অনাকাঙ্খিত মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
নিজস্ব প্রতিবেদক