রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে কৃষি অফিসের উদ্যোগে শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদন

লাভের আশায় বুক বেধেছেন কৃষকেরা
  • আপলোড তারিখঃ ৩০-০৩-২০২৬ ইং
জীবননগরে কৃষি অফিসের উদ্যোগে শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদন

উচ্চমূল্যের বীজ নির্ভরতা কমিয়ে কৃষকদের স্বনির্ভর করতে জীবননগরে শুরু হয়েছে শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদনের উদ্যোগ। উপজেলা কৃষি অফিসের সহায়তায় ২০ জন কৃষক প্রদর্শনী ভিত্তিতে এই চাষে যুক্ত হয়ে ইতোমধ্যে ভালো ফলনের আশা দেখছেন, যা কম খরচে অধিক লাভের নতুন সম্ভাবনা তৈরি করেছে।


জানা গেছে, জীবননগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদনে উৎসাহ দিতে উপজেলার ২০ জন কৃষকের মাঝে প্রদর্শনী কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১৬০ কেজি করে পেঁয়াজের কন্দ (বাল্ব) সরবরাহ করা হয়েছে, যা ২০ শতক জমিতে চাষের জন্য দেওয়া হয়।


উপজেলার সুবলপুর গ্রামের কৃষক মো. হুমায়ুন কবির জানান, প্রথমে আমরা কৃষি অফিস থেকে দেওয়া কন্দ নিতে আগ্রহী ছিলাম না। পরে তাদের অনুরোধে চাষ শুরু করি। এখন দেখা যাচ্ছে, ২০ শতক জমিতে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে এবং প্রায় ৮০ কেজি পেঁয়াজ বীজ উৎপাদনের আশা করছি। তিনি আরও বলেন, বাজারে বিভিন্ন কোম্পানির পেঁয়াজ বীজ ১২ থেকে ১৬ হাজার টাকা কেজি দরে বিক্রি হয়। আমাদের উৎপাদিত বীজ যদি ২ হাজার টাকা কেজিতেও বিক্রি হয়, তাহলে ২০ শতক জমি থেকে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার বেশি আয় করা সম্ভব। এতে আমরা বেশ লাভবান হব।


এ বিষয়ে জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, বাজারে বেসরকারি কোম্পানির বীজের দাম বেশি হওয়ায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ কারণে সরকারিভাবে আমরা ২০ জন কৃষকের মাঝে কন্দ, রাসায়নিক সার, বালাইনাশক ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করেছি, যাতে তারা নিজেরাই বীজ উৎপাদন করতে পারেন।


তিনি আরও জানান, প্রথমদিকে কৃষকরা কিছুটা অনাগ্রহী থাকলেও এখন বীজ উৎপাদনের ফলাফল ভালো হওয়ায় তারা আশাবাদী। আমাদের মূল লক্ষ্য হলো কৃষকদের যেন বাইরে থেকে উচ্চমূল্যে বীজ কিনতে না হয়। এজন্য বীজ ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হচ্ছে। কৃষি অফিসের এ উদ্যোগে স্থানীয় কৃষকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করবেন বলে আশা করছেন কৃষকরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত