মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে উপজেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কেদারগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানের স্থলে এসে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আলহাজ জাভেদ মাসুদ মিলন। বিশেষ অতিথির বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। সভায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক কালু, মেহেরপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান ভিকু, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকনসহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
মুজিবনগর অফিস