দর্শনায় দিন-দুপুরে পুলিশের এসআই পরিচয় দিয়ে প্রতারণা করে একটি ইজিবাইক নিয়ে গেছে প্রতারকেরা। গত শুক্রবার দুপুর ১২টার দিকে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে এই ঘটনা ঘটে। প্রতারণার শিকার ওই ব্যক্তি জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্বাস উদ্দিন (৩৮)।
অটোচালক আব্বাস উদ্দিন জানান, গত শুক্রবার বেলা ১১টার দিকে জীবননগর পৌর শহরে বাস স্ট্যান্ড এলাকায় তিনি ইজিবাইক নিয়ে অবস্থান করছিলেন। এসময় অজ্ঞাত একজন জীবননগর থানা-পুলিশের এসআই পরিচয় দিয়ে তার পরিবার দর্শনায় আছ এবং জরুরি ভিত্তিতে তাদের আসাবেন বলে ইজিবাইক ৪ শত টাকায় রিজার্ভ করেন। দুপুর ১২টার দিকে দর্শনা এলাকার শ্যামপুর গ্রামে নুর ইসলামের বাড়ির সামনে পৌঁছালে সেখানে তার পুলিশের ড্রাইভার পরিচয়ে একজন দাঁড়িয়ে ছিল। ড্রাইভার পরিচয় দেওয়া ওই ব্যক্তি বলেন, স্যার আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, একজন গুরুতর আহত। তখন দ্রুত হাসপাতালে যাওয়ার নাম করে শ্যামপুর বিজিবি মোড় পার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইলে জোরে কথা বলেন, আহত ওই ব্যক্তি মারা গেছেন। তখন পুলিশের এসআই আমাকে বলেন, আপনি আমার বাড়িতে গিয়ে আমার ড্রাইভারকে নিয়ে আসেন। আমি অটো নিয়ে যেতে চাইলে তিনি বলেন, না এখানে থাক, আপনি ড্রাইভারকে ডেকে নিয়ে আসেন। আমি ড্রাইভারকে ডাকতে নুর ইসলামের বাড়িতে যাই, গিয়ে দেখি সেখানে কেউ নাই। পরে আমার অটো গাড়ির কাছে আসলে দেখি যে গাড়ি নাই আর সেই পুলিশ পরিচয় দেওয়া এস আই তিনিও নাই।
এ ঘটনায় তিনি দর্শনা থানায় লিখিত অভিযোগ করেছেন। খবর পেয়ে দর্শনা থানার এএসআই জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এ একটি সিসি ফুটেজ বিশ্লেষণ চলছে। দ্রুতই আসামি ধরা পড়বে আশা করছি।
দর্শনা থানার ওসি মেহেদী হাসান বলেন, দর্শনা শ্যামপুর থেকে একজন ব্যক্তির অটো প্রতারণা করে নেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ তদন্ত করে প্রতারকদের ধরার চেষ্টা চালাচ্ছে।
দর্শনা অফিস