চুয়াডাঙ্গার দর্শনায় পেট্রোল সংকট তীব্র আকার ধারণ করেছে। এলাকার দুটি তেল পাম্পে সীমিত পরিমাণ পেট্রোল সরবরাহ থাকায় প্রতিদিন শত শত মোটরসাইকেল চালক পেট্রোল না পেয়ে ফিরে যাচ্ছেন। জানা গেছে, পাম্পে পেট্রোল আসার খবর পেলেই মুহূর্তে দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে। কিন্তু সরবরাহ কম থাকায় অল্প সময়ের মধ্যেই পেট্রোল শেষ হয়ে যাচ্ছে।
পাম্প মালিকরা জানান, আগে ডিপো থেকে প্রতিবার সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল সরবরাহ করা হলেও বর্তমানে দেওয়া হচ্ছে মাত্র ৩ হাজার লিটার। এতে করে প্রায় দেড় হাজার লিটার কম পাচ্ছেন তারা। পূর্বে ৪-৫ দিন পরপর পেট্রোল আনতে হলেও এখন ২-৩ ঘণ্টার মধ্যেই পুরো মজুত শেষ হয়ে যাচ্ছে। ফলে সংকট আরও প্রকট হচ্ছে। পাম্প কর্তৃপক্ষ জানায়, পেট্রোল আসার পর পুলিশি সহায়তায় শৃঙ্খলা বজায় রেখে বিক্রি করা হলেও শেষ হয়ে গেলে ‘তেল নেই’ লেখা ব্যানার টানিয়ে দেওয়া হচ্ছে।
এদিকে, সংকটের সুযোগ নিয়ে বিভিন্ন এলাকায় চড়া দামে পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, পারকৃষ্ণপুর, আকুন্দবাড়িয়া, সাড়াবাড়িয়া, প্রতাপপুরসহ বিভিন্ন এলাকায় দোকানগুলোতে ২০০ থেকে ৩০০ টাকা লিটার দরে পেট্রোল বিক্রি হচ্ছে। এতে সাধারণ মোটরসাইকেল চালকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু মোটরসাইকেল চালক পাম্প থেকে পেট্রোল কিনে বেশি দামে দোকানদারদের কাছে বিক্রি করছেন। পরে সেই পেট্রোলই আবার খুচরা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, অবৈধ বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে প্রকৃত চিত্র সামনে আসবে এবং সংকট অনেকটাই কমে আসবে।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবাইদুর রহমান সাহেল বলেন, কোথায় কোথায় অবৈধভাবে পেট্রোল বিক্রি হচ্ছে, তার তথ্য দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দর্শনা অফিস