বুধবার, ২৫ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ২৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ২৫-০৩-২০২৬ ইং
জীবননগরে ২৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

জীবননগর উপজেলা থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত জীবননগর’। গত সোমবার দুপুরে জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে ২৩ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।


আলোকিত জীবননগরের সংগঠক ইমন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোর্তজা, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর রহমান, একই কলেজের সহকারী অধ্যাপক আল হাসান মো. আব্দুস সালাম ও সহকারী অধ্যাপক মো. খাইরুল বাশার। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আব্দুল আল মাবুদ (শিহাব), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও রনি ট্রেডার্সের স্বত্বাধিকারী কৌশিক আহমেদ জনি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সানজিদা পারভীন, আলোকচিত্রী নেছার উদ্দিন টুটুল, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম, জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব এলাহী এবং সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. আরিফ বিল্লাহ।


অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে জীবনের লক্ষ্য অর্জন সম্ভব। তারা শিক্ষার্থীদের দেশের উন্নয়ন ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান। বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করা হলেও এটি শেষ নয়; বরং এখান থেকেই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। তাই শিক্ষার্থীদেরকে নিজেদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে।


উল্লেখ্য, ‘আলোকিত জীবননগর’ সংগঠনটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থী ও পেশাজীবীদের সমন্বয়ে পরিচালিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি শিক্ষা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।



কমেন্ট বক্স
notebook

ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস