আলমডাঙ্গা থানা-পুলিশের অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলের নেতৃত্বে এসআই পবিত্র মন্ডল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার বড়গাংনী গ্রামের আশাদুল হকের তেল ও কীটনাশকের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক হলেন, আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী গ্রামের মতিয়ার রহমানের ছেলে স্বপন আলী (২৪)। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রতিবেদক, আলমডাঙ্গা