চুয়াডাঙ্গায় ভিক্টোরিয়াস ২১ ক্রিকেট লিগ সিজন থ্রি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ভিজে স্কুলের এসএসসি ২০২১ ব্যাচের এই টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে। দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হয়। জমজমাট ফাইনাল ম্যাচে দুর্দান্ত খেলে ভিক্টোরিয়ান আর্মি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন শাহরিয়ার ইভান।
অপরদিকে, টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে ভিক্টোরিয়াস লেজেন্ডস দল। এই দলের অধিনায়ক ছিলেন সাফফাত সাদিক রাকা। পুরো টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রেদওয়ানুল হাসান রাজ ও খন্দকার নোমান।
টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তিনি তার বক্তব্যে বলেন, সমাজকে আমাদেরকেই গড়তে হবে। আজকে যারা নবীন, আজকে যারা এই চুয়াডাঙ্গার গণ্ডি পেরিয়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, ঈদের এই উৎসবে একত্রিত হয়ে সমস্ত পুরাতন বন্ধু-বান্ধবদেরকে সংগঠিত করে একটি খেলার আয়োজন করেছে। তোমাদের মধ্য থেকেই কেউ হবে ডিসি অথবা এসপি হবে এবং কেউ কেউ ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন বড় বড় কর্মক্ষেত্রে কর্মরত থাকবে।
তিনি আরও বলেন, আজকে এই চুয়াডাঙ্গার প্রতি, বন্ধুদের প্রতি যেই ভালোবাসা, আগ্রহ সেই জিনিসটা যেন অটুট থাকে। এবং শুধু তাই নয়, যেন প্রতিটি বন্ধুর বিপদে প্রত্যেক বন্ধু দাঁড়াতে পারে, এবং সবাই যেন সহানুভূতির হাত তাদের বাড়িয়ে দেয় এবং এই সমাজকে এবং চুয়াডাঙ্গাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, চুয়াডাঙ্গার মুখ উজ্জল করার জন্য আমরা সকলে যেন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে পারি। এবং এই জেলাকে মাদকমুক্ত এবং অ্যান্ড্রয়েড ফোন এবং মোটরসাইকেলের মহড়া এই সমস্ত কিছুর ভেতর থেকে বাইরে এনে আমরা খেলাধুলার প্রতি উৎসাহিত করতে পারি। এ জন্য আমরা সবসময় তোমাদের পাশে থাকব।
বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি মারুফ সারোয়ার বাবু তার বক্তব্যে বলেন, ‘তোমাদেরকে দেখে আমার এই বয়সেও আমি অত্যন্ত অনুপ্রাণিত যে আগে চুয়াডাঙ্গায় আগে ঈদ উদ্যাপনে এসে মোটরসাইকেলের যে মহড়া হতো, সেই মহড়ার জায়গায় যে তোমরা খেলাধুলার জন্য যে নিজেদেরকে উজার করে দিয়েছ, এতে আমি খুব খুশি হয়েছি যে তোমরা এই বিষয়ে এত আগ্রহী ছিলে। আমি সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করে যাব।’
নিজস্ব প্রতিবেদক