সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব, ইরানের ‘না’

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০২৬ ইং
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব, ইরানের ‘না’

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগে নতি স্বীকার করতে হবে-তারপরই শান্তি নিয়ে আলোচনা সম্ভব বলে মনে করছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে গতকাল মঙ্গলবার ইরানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নিশ্চিত করেন। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি সম্প্রতি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ওই কর্মকর্তা বলেন, নিজের প্রথম পররাষ্ট্রনীতি-বিষয়ক অধিবেশনে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান দেখিয়েছেন। তবে ওই বৈঠকে তিনি সশরীর উপস্থিত ছিলেন কি না, তা ওই কর্মকর্তা নিশ্চিত করেননি। বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও মার্কিন হামলায় নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এ পদে নির্বাচিত করেছে। ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) মোজতবা খামেনিকে অভিনন্দন জানায়।


ইরানে হামলার ঝুঁকি নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে হামলার পর তেহরানের এমন জোরালো পাল্টা জবাব তার জন্য ‘অপ্রত্যাশিত’ ছিল। কিন্তু মার্কিন গোয়েন্দা সূত্রগুলো বলছে ভিন্ন কথা। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে যুক্ত একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর পাল্টা আঘাত আসতে পারে, এ বিষয়ে ট্রাম্পকে আগেই সতর্ক করা হয়েছিল। গত সোমবার হোয়াইট হাউসে কেনেডি সেন্টারের এক বোর্ড সভায় ট্রাম্প দাবি করেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের ওপর ইরানের প্রতিশোধমূলক হামলা অপ্রত্যাশিত ছিল। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের এই অন্যান্য দেশগুলোর ওপর তাদের (ইরান) হামলা করার কথা ছিল না। কেউ এটা আশা করেনি। আমরা হতবাক হয়েছি।


দুটি সূত্র জানিয়েছে, যুদ্ধ শুরুর আগেই ট্রাম্পকে জানানো হয়েছিল যে তেহরান অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে পারে। ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালি দিয়ে প্রায় সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। এই পথ দিয়ে বিশ্বের ২০ শতাংশ জ্বালানি তেল পরিবহন করা হয়। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম হু হু করে বাড়ছে।


বাগদাদে মার্কিন দূতাবাসে হামলায় নিহত চার :
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। এতে চারজন নিহত হয়েছে। সূত্র: আল জাজিরা। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের মতে, ইরাকের রাজধানী বাগদাদে একাধিক বিস্ফোরণ ঘটেছে। ইরান-সমর্থিত একটি গোষ্ঠীর ব্যবহৃত ভবনে বিমান হামলা এবং মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনে মার্কিন দূতাবাস চত্বরের কাছে একটি বিস্ফোরণের শব্দের পর বাগদাদের জাদরিয়াহ জেলায় এই প্রাণঘাতি হামলা চালানো হয়।


যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে থাকছে না- ট্রাম্প :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্ষেপ করে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে কিছু দেশ তেমন একটা উৎসাহ দেখাচ্ছে না। বিশেষ করে যুক্তরাজ্য, জার্মানি ও স্পেনের মতো মিত্র দেশগুলো ট্রাম্পের আহ্বানে আশানুরূপ সাড়া দেয়নি। ট্রাম্প বলেন, আমাদের এমন কিছু দেশ আছে যেখানে আমরা ৪৫ হাজার সেনা মোতায়েন করে রেখেছি। আমরা তাদের ক্ষতির হাত থেকে রক্ষা করছি ও খুব ভালো কাজ করেছি। তারপর আমরা জিজ্ঞেস করলাম, আপনাদের কি কোনো মাইন অপসারণকারী জাহাজ আছে? তারা বলল, স্যার, আমরা এতে জড়াতে চাই না ।


ট্রাম্পের নৌবাহিনী পাঠানোর আহ্বান প্রত্যাখ্যান করল ইইউ :
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোতে নিরাপত্তা দিতে মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ ও নৌসেনা পাঠানোর যে আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তা প্রত্যাখ্যান করেছে ইউরোপ। ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর ২৭টি সদস্যরাষ্ট্র গত সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ'র সদরদপ্তরে এ ইস্যুতে বৈঠক করেছেন। বৈঠক শেষে ইইউ'র পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান কাজা কাল্লাস এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘এই উন্মুক্ত যুদ্ধ নিয়ে ইউরোপের কোনো আগ্রহ নেই এবং ইইউ'র কোনো সদস্যরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো প্রকার সামরিক পদক্ষেপে সক্রিয় ভাবে সংশ্লিষ্ট হতে ইচ্ছুক নয়।’


কাজা কাল্লাসের বক্তব্যের প্রতিধ্বনি পাওয়া গেছে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর আন্তোনিও তাজানির কণ্ঠেও। ইইউ'র বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর মিশনগুলো বর্তমানে বিভিন্ন সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিচ্ছে এবং জলদস্যু বিরোধী অভিযান পরিচালনা করছে। সেসব দায়িত্ব ছেড়ে এই মুহূর্তে মিশনগুলোর পক্ষে হরমুজে আসা সম্ভব নয়। যদি সম্ভব হতো, তাহলে আমরা অবশ্যই হরমুজ প্রণালিতে আমাদের নৌসেনা-যুদ্ধজাহাজ পাঠাতাম, কিন্তু এই মুহূর্তে তা সম্ভব নয়। ইইউ'র নৌবাহিনীর মিশনগুলো বিভিন্ন সাগরে তাদের দায়িত্ব পালন করছে। সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিশ মেস। তিনি সাংবাদিকের এ ইস্যুতে সরাসরি এবং স্পষ্টভাবে বলেন, আমরা হরমুজ প্রণালিতে সেনা পাঠাতে চাই না। কারণ আমরা চাই এই সংকট রাজনৈতিকভাবে সমাধান হোক।


ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োড গ্যালান্ট এই দাবি করেছেন। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান।


মুসলিম দেশগুলোর প্রতি লারিজানির প্রশ্ন, ‘আপনারা কোন পক্ষে’:
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি মুসলিম বিশ্বের উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ বার্তায় প্রশ্ন তুলেছেন, ‘আপনারা কোন পক্ষে?’ এসময় তিনি ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ বলে উল্লেখ করেছেন। খবর মিডল। আলি লারিজানির অভিযোগ, ইসলামি দেশগুলো ইরানকে ত্যাগ করেছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের সমালোচনা করেন। যারা নিজেদের লক্ষ্যবস্তুতে হামলার পর তেহরানকে ‘শত্রু’ হিসেবে উল্লেখ করেছে। বিশ্বের মুসলমান এবং ইসলামি দেশগুলোর সরকারগুলোর উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে লারিজানি বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার পর মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়া হতাশাজনক। তিনি বলেন, বিরল কিছু রাজনৈতিক অবস্থান ছাড়া কোনো ইসলামি সরকারই ইরানের জনগণের পাশে দাঁড়ায়নি। কিছু ইসলামি সরকারের এই অবস্থান কি ইসলাম ধর্মের নবীর সেই বাণীর বিরোধী নয়, যেখানে বলা হয়েছে- ‘কোনো মুসলমান সাহায্যের আহ্বান শুনে সাড়া না দিলে সে মুসলমান নয়? তিনি প্রশ্ন তুলে বলেন, ‘তাহলে এটি কেমন ইসলাম?’ সংযুক্ত আরব আমিরাতের প্রতি ইঙ্গিত করে লারিজানি বলেন, কিছু সরকার ইরানকে শত্রু বলছে, কারণ ইরান তাদের ভূখণ্ডে থাকা ‘মার্কিন ঘাঁটি ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের স্বার্থে’ হামলা চালিয়েছে।


তিনি বলেন, আপনাদের দেশে থাকা মার্কিন ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হলে ইরান কি চুপ করে বসে থাকবে? এসব দুর্বল অজুহাত। লারিজানি মুসলিম দেশগুলোকে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সংঘাত ‘একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল, অন্যদিকে মুসলিম ইরান ও প্রতিরোধশক্তি’-এই দুই পক্ষের মধ্যে। এই যুদ্ধে আপনারা কোন পক্ষের সঙ্গে আছেন?’ মুসলিম ঐক্যের আহ্বান জানিয়ে লারিজানি বলেন, অঞ্চলের ভবিষ্যৎ মুসলিম দেশগুলোর বৃহত্তর ঐক্যের ওপর নির্ভর করছে। তিনি বলেন, আপনারা জানেন, আমেরিকা বিশ্বস্ত নয় এবং ইসরাইল আপনাদের শত্রু। এক মুহূর্ত থেমে নিজেদের ও অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। ইরান আপনাদের মঙ্গল কামনা করে এবং আপনাদের ওপর আধিপত্য বিস্তার করতে চায় না। তিনি আরও বলেন, ইসলামি উম্মাহর ঐক্য যদি শক্তভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে তা সব ইসলামি দেশের নিরাপত্তা, উন্নয়ন ও স্বাধীনতা নিশ্চিত করতে পারে। ইরান ‘গ্রেট শয়তান’ ও ‘লিটল শয়তান’- অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের পথেই এগিয়ে যাচ্ছে।


ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০ :
ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে। এছাড়া আহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে প্রায় ২০০ জনে দাঁড়িয়েছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য জানায়। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আহতদের বড় অংশই সামান্য আঘাত পেয়েছেন। তাদের মধ্যে ১৮০ জন এরইমধ্যে তাদের দায়িত্বে ফিরেছেন। আর ১০ জনের আঘাত গুরুতর। এই সেনারা কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, ইরাক ও ইসরাইলে আহত হন।


ইরানের বাসিজের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের :
ইরানের বাসিজ মিলিশিয়া ইউনিটের কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনী এই দাবি করেছে। পোস্টে বলা হয়, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান বাহিনী গতকাল তেহরানের কেন্দ্রস্থলে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং এতে তিনি নিহত হয়েছেন। তবে এ দাবির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরান।


ইসরাইলে আহতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়াল :
ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে চলমান যুদ্ধের মানবিক ক্ষতির এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। সরকারি হিসাব বলছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট তিন হাজার ৫৩০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। এই বিপুল সংখ্যক মানুষের জখম হওয়ার ঘটনাটি মূলত রকেট হামলা, সীমান্ত সংঘর্ষ এবং দেশের অভ্যন্তরে ঘটা বিভিন্ন সহিংস হামলার প্রত্যক্ষ ফল। বর্তমানে ইসরাইলের বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে ৮৬ রোগী ভর্তি রয়েছেন। চিকিৎসাধীন এসব ব্যক্তিদের মধ্যে আটজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। বাকিদের মধ্যে অনেকের শরীরে গুরুতর জখম রয়েছে, যাদের দীর্ঘমেয়াদী অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।


মস্কোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি :
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে তাকে মস্কো পাঠানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ মার্চ বৃহস্পতিবার মোজতাবা খামেনির সঙ্গে টেলিফোনে কথা হয় ভøাদিমির পুতিনের। তারপর ওই দিনই রাশিয়ার একটি সামরিক বিমানে চেপে মস্কো যান মোজতাবা। এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনে যোগাযোগ করেছিল আল- জারিদা। কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। রুশ সংবাদমাধ্যম তাসও এ ব্যাপারে বিস্তারিত জানতে ক্রেমলিনে যোগাযোগ করেছিল। তাসকে প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি বলেছেন, ‘আমরা এ ধরনের প্রতিবেদনে কখনও কোনো মন্তব্য করতে পারি না।’


আমিরাত উপকূলে তেলের ট্যাংকারে হামলা :
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ থেকে ২৩ নটিক্যাল মাইল পূর্বে একটি তেলের ট্যাংকারে 'অজ্ঞাত বস্তু' আঘাত হেনেছে। যুক্তরাজ্যের সমুদ্র চলাচল বিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। এতে জাহাজটির কাঠামোগত সামান্য ক্ষতি হয়েছে। ইউকেএমটিও জানিয়েছে, এ ঘটনায় জাহাজের কোনো ক্রু বা নাবিক আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ার তথ্যও পাওয়া যায়নি। এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, দূতাবাস কমপ্লেক্সে একটি বিস্ফোরণের পর কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি ড্রোন ভূপাতিত করেছে বলেও দেখা যায়। নিরাপত্তা কর্মকর্তা বলেন, 'তিনটি ড্রোন এবং চারটি রকেট দিয়ে দূতাবাসে হামলা করা হয়েছে, যার মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাসের ভেতরে আছড়ে পড়েছে



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে শুরু হচ্ছে আম সংগ্রহ, চলবে ৩১ জুলাই পর্যন্ত