জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নবীনবরণ, আলোচনা সভা, সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ জোন আইটির ফাউন্ডার ও সিইও আমিনুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মো. শিমুল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি মো. হাসানুজ্জামান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ ও রায়হান হোসেন অপু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য মনিরুজ্জামান মনির ও আব্দুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. নূর হাকিম বলেন, ছাত্রদের সৎ, চরিত্রবান এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, ছাত্রজীবনই মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যেখানে নৈতিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধের ভিত্তি গড়ে ওঠে। প্রকৃত শিক্ষা কেবল বইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সততা, মানবিকতা, সামাজিক দায়িত্ববোধ ও বড়দের প্রতি সম্মানের মধ্য দিয়েই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক। সামাজিক যোগাযোগমাধ্যম ও দ্রুত পরিবর্তিত জীবনধারার প্রভাবে অনেক শিক্ষার্থী মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে। তাই ছাত্রজীবনেই সঠিক মূল্যবোধ ও নৈতিকতার চর্চা জরুরি, যা একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ পরিষদ সবসময় জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধনে আবদ্ধ রাখার জন্য কাজ করে যাচ্ছে। নবীন শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ শক্তি। তাদের পাশে থেকে দিকনির্দেশনা দেওয়া এবং একটি ইতিবাচক পরিবেশ তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য।’ তিনি আরও বলেন, ‘এই সংগঠন শুধুমাত্র একটি সংগঠন নয়; এটি আমাদের জেলার শিক্ষার্থীদের একটি পরিবার। আমরা চাই, নতুন শিক্ষার্থীরা এখানে এসে নিজেদের আপন মনে করবে এবং সবাই মিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের একটি শক্তিশালী ও ইতিবাচক পরিচয় তৈরি করবে।’
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে নবীনবরণ। পরে রমজানের পবিত্রতার আবহে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিল উপস্থিত সবার মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদকমো. নিয়াজ শফিক। এছাড়াও উপস্থিত ছিলেন লালচাঁদ বাদশা, তাসরিফ আহমেদ, ইসমাইল হোসেনসহ সংগঠনের আরও অনেক সদস্য। ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা নতুন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
সমীকরণ প্রতিবেদক