দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে পরিচালনার দায়ে লাইফ কেয়ার মেডিকেল সেন্টারকে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বেলা ২টার দিকে কার্পাসডাঙ্গা বাজার এলাকার লাইফ কেয়ার মেডিকেল সেন্টারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইফ কেয়ার মেডিকেল সেন্টারে নার্সের দায়িত্ব পালন করেন তারা কেউই নিবন্ধিত নন। নার্সিংয়ের ওপর প্রশিক্ষণ না থাকলেও তারাই নানা ধরনের ইনজেকশন পুশ করেন রোগীর শরীরে। এছাড়া পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহে যাকে রাখা হয়েছে তিনিও অনুমোদিত কেউ না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম বলেন, অভিযানের সময় লাইফ কেয়ার মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ তাদের কোনো লাইসেন্স দেখাতে পারেনি। এছাড়া অপারেশন ও পোস্ট অপারেটিভ ব্যবস্থাপনা সঠিকভাবে করা হয়নি। লাইফ কেয়ার মেডিকেল সেন্টার কর্তব্যরত নার্সও রেজিস্টার্ড নয়। এছাড়া পরিবেশ ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদি এমনভাবে রাখা হয়েছে যা মানবদেহের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তিনি আরও বলেন, উপজেলার সব জায়গায় নিয়মিত অভিযান চলবে এবং ত্রুটিযুক্ত, অনিয়ম ও অনুমোদনহীন সকল প্রকার ল্যাব, ক্লিনিক এবং বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, মানহীন স্বাস্থ্যসেবা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে প্যাথলজি পরিচালনা, নোংরাও অপরিচ্ছন্ন অপারেশন রুম এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন করা সনদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই লাইফ কেয়ার মেডিকেল সেন্টারকে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নতুন নির্দেশনার আলোকে অভিযান শুরু হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে হাসপাতালটি সিলগালা ও জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
প্রতিবেদক কার্পাসডাঙ্গা