দামুড়হুদা ও চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহে মাদক বিরোধী পৃথক অভিযানে ৯ জনকে আটক করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার রাতে তাদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
দামুড়হুদা:
দামুড়হুদায় মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোবিন্দহুদা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার নাপিতখালী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুস সালাম (৪২), দামুড়হুদা খানপাড়ার আনসার আলীর ছেলে কাবিল উদ্দিন (৪০), মুক্তারপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে জামাত আলী (৫৭), একই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে রহিম মিয়া (৩৫) এবং গোবিন্দহুদা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে আনারুল শেখ (৪৫)।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক কবির উদ্দিন তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের মাদক বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরোজগঞ্জ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ৯টা দিকে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার এএসআই ছদরুল হোসেন ও ফোর্সের সহযোগিতায় ডিঙ্গেদহ শঙ্করচন্দ্র ও খেজুরা এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ইয়াবা ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকচন্দ্র ইউনিয়নের হানুরবারাদী গ্রামের ফারুক মালিতার ছেলে রিফাত মালিতা, ডিঙ্গেদহ বাজারপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে অন্তর আলী, শঙ্করচন্দ্র গ্রামের সুরত আলীর ছেলে রাশেদ আলী এবং একই গ্রামের মফিজুর রহমানের ছেলে শাহরিয়ার ইফতি। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- অন্তর আলীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ৫০ টাকা জরিমানা, রিফাত মালিতাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ৫০ টাকা জরিমানা, রাশেদ আলীকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ৫০ টাকা জরিমানা ও শাহরিয়ার ইফতিকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা।
এ বিষয়ে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশ প্রশাসন মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেছে।
সমীকরণ প্রতিবেদক