জীবননগরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে জামায়াত কর্মী হাফিজুর রহমানের মৃত্যুর সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় জীবননগর জামায়াতের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জীবননগর শাখা। সংবাদ সম্মেলনে ঘটনার দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।
সম্মেলনে জানানো হয়, ২৮ ফেব্রুয়ারির হামলার ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। তারা হামলার পেছনের নেপথ্য রাজনৈতিক প্ররোচনা, সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, এবং তদন্তে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি আহতদের চিকিৎসা সহায়তা ও নিহতের পরিবারের প্রতি রাষ্ট্রীয় মানবিক সহায়তার আহ্বান জানানো হয়। জনগণের আস্থা ফিরিয়ে আনতে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, মো. শাখাওয়াত হোসেন, উপজেলা সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা আইটি সম্পাদক মো. হারুনুর রশিদ, জীবননগর পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন প্রমুখ
নিজস্ব প্রতিবেদক