‘রিটের নামে প্রহসন বন্ধ করো, হাউলী ইউনিয়ন পরিষদে অবিলম্বে নির্বাচন চাই’ স্লোগানে হাউলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আজ বুধবার বেলা ১১টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমানা সংক্রান্ত জটিলতা ও একাধিক রিট আবেদনের কারণে প্রায় এক যুগ ধরে হাউলী ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ রয়েছে। ২০১১ সালের নির্বাচিত জনপ্রতিনিধিরাই এখনো দায়িত্ব পালন করছেন। এতে করে ইউনিয়নবাসীর মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ইউনিয়নবাসীর অভিযোগ, গত ৫ আগস্টের পর আর কোনো মামলা না থাকলেও সম্প্রতি হাউলী ইউনিয়ন পরিষদের চারজন অসাধু ইউপি সদস্য নির্বাচন ও প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে পুনরায় হাইকোর্টে রিট আবেদন করেছেন। ফলে আবারও নির্বাচন প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়েছে।
মানববন্ধন আয়োজকরা জানান, বারবার নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের দাবিতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে। তারা বলেন, ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছি। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’
এদিকে, মানববন্ধন ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
প্রতিবেদক দামুড়হুদা