সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিশ্ব বন্যপ্রাণী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতার আহ্বান
  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় বিশ্ব বন্যপ্রাণী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা, র‌্যালি ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন ‘বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ’-এর উদ্যোগে দিবসটি যথাযথভাবে পালন করা হয়। ২০১৩ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। বিশ্বের বন্যপ্রাণী ও উদ্ভিদ সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি এই দিবসের মূল লক্ষ্য। এবারের প্রতিপাদ্য ছিল- ‘ভেষজ ও সুগন্ধি উদ্ভিদ: স্বাস্থ্য, ঐতিহ্য এবং জীবিকা সুরক্ষা’।


গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন এবং সদর উপজেলা বন কর্মকর্তা আবু খায়ের আতা এলাহী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন। সভাপতিত্ব করেন বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা প্রভাষক ও সংগঠনের সভাপতি আহসান হাবীব শিপলু। স্বেচ্ছাসেবকদের পক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ফারদিন ও জিসান।


আলোচনায় অতিথিরা বলেন, মানুষ এই পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হলেও বাস্তুতন্ত্রে প্রতিটি প্রাণীরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একেকটি বন্যপ্রাণী খাদ্যশৃঙ্খল রক্ষা করে জীববৈচিত্র্য টিকিয়ে রাখে। কিন্তু মানুষের অসচেতনতা, শিকার ও পাচারের কারণে বন্যপ্রাণী দ্রুত হারিয়ে যাচ্ছে। মানুষের সঙ্গে বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত না হলে ভবিষ্যতে মানবজাতিকেই চরম মূল্য দিতে হবে। প্রধান অতিথি বলেন, একসময় গ্রামে-গঞ্জে নানা বন্যপ্রাণীর ডাক শোনা যেত, যা এখন প্রায় বিলুপ্ত। তিনি বন্যপ্রাণী নিধন, পাচার ও অবৈধ ক্রয়-বিক্রয় বন্ধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বছরব্যাপী বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরেন এবং বন বিভাগ ও প্রশাসনের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। ভবিষ্যতে এসব উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হয়। আলোচনা শেষে একটি র‌্যালি বের করা হয়। পরে শহরের চৌরাস্তায় (হাসান চত্বর) মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সংগঠনের সাহাবুল, নিরব, আলমাছ, রিয়াদ, সতেজ, জিসান, সুয়াইব, শেখ সাদি, তামিম, পিয়াস, আজমুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


এদিকে, চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজারে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। ‘ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ: স্বাস্থ্য, ঐতিহ্য এবং জীবিকা সংরক্ষণ’ প্রতিপাদ্যে উদ্ভিদ জীববৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরা হয়। আয়ুর্বেদ ও ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতি থেকে শুরু করে আধুনিক ওষুধ গবেষণায় শতাব্দীর পর শতাব্দী ধরে ঔষধি ও সুগন্ধি উদ্ভিদের ব্যবহার হয়ে আসছে। এসব উদ্ভিদ সংরক্ষণ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি এদের ওপর নির্ভরশীল মানুষের অর্থনৈতিক নিরাপত্তাও নিশ্চিত করে— এমন বার্তাই দেওয়া হয় অনুষ্ঠানে।


দিবসটি উপলক্ষে স্থানীয় জনগণের মধ্যে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করা হয় এবং বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। ‘মানবতার জন্য’ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহিন সরকারসহ সদস্য আ. মান্নান, মামুনুর রশীদ মামুন, সজল, আলামিন, অপু, শিমুল, রনি, সাজু, আশিক, ছাব্বিরসহ আরও অনেকে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী