আলমডাঙ্গার জামজামি সোহাগ মোড়ের একটি ভাংড়ির দোকান থেকে পরিত্যক্ত একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে পুলিশ রিভলবার উদ্ধার করে। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জের মৃত ইদবার আলীর ছেলে জাহার আলীর জামজামি সোহাগ মোড়ে একটি ভাংড়ির দোকান রয়েছে। তিনি বিভিন্ন হকারের কাছ থেকে ভাঙাচোরা টিন, কাগজ ও পুরাতন স্যান্ডেল ক্রয়-বিক্রয় করেন। গতকাল সকালে ব্যবসা প্রতিষ্ঠানে পুরাতন স্যান্ডেলের ফিতা বাছাই করার সময় একটি মোজার মধ্যে জং ধরা একটি রিভলবার দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে বিষয়টি জামজামি ফাঁড়ি পুলিশকে জানালে আলমডাঙ্গা থানা ও জামজামি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রিভলবারটি উদ্ধার করে। আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) আজগর আলী রিভলবার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহাগ মোড়ের এক ভাংড়ির দোকানদার স্যান্ডেল ও ফিতা বাছাই করার সময় মোজার মধ্যে জং ধরা একটি রিভলবার দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করেন।
আলমডাঙ্গা অফিস