দামুড়হুদার উত্তর চাঁদপুর গ্রামের এক কলেজছাত্রীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জেরে বিয়ে না করায় প্রেমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর পুলিশ অভিযুক্ত সাজিদ হাসানকে (২৬) আটক করেছে। আটক সাজিদ হাসান একই উপজেলার কাঞ্চনতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। মামলা সূত্রে জানা যায়, উত্তর চাঁদপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে মাজিদা খাতুনের (২০) সঙ্গে প্রায় চার বছর ধরে সাজিদ হাসানের প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন সাজিদ। পরবর্তীতে বিয়ের বিষয়ে কথা বললে তিনি অস্বীকৃতি জানান।
এ ঘটনায় মাজিদা খাতুন বাদী হয়ে গতকাল শনিবার দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন (মামলা নম্বর ০১, তারিখ-০১/০৩/২০২৬)। মামলার পরপরই দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিনের নেতৃত্বে এসআই উত্তম কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কাঞ্চনতলা গ্রাম থেকে সাজিদ হাসানকে আটক করেন।
ওসি মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় একজনকে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই উত্তম কুমার জানান, বাদীকে ডাক্তারি পরীক্ষার জন্য আদালতে উপস্থাপন করা হবে।
প্রতিবেদক দামুড়হুদা