শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটবোয়ালিয়ায় ডাকাতির পর অপহৃত ফারুকের সন্ধান মেলেনি ৯ দিনেও

পরিবারে উৎকণ্ঠা, আইনশৃঙ্খলা সভায় ক্ষোভ
  • আপলোড তারিখঃ ২৭-০২-২০২৬ ইং
হাটবোয়ালিয়ায় ডাকাতির পর অপহৃত ফারুকের সন্ধান মেলেনি ৯ দিনেও

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নিখোঁজ ডেলিভারি ম্যান ফারুক হোসেনের কোনো হদিস মেলেনি। নিখোঁজের ৯ দিন পার হলেও তিনি জীবিত নাকি নিহত, এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এতে তার পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন সমালোচনার মুখে পড়েছে। আইনশৃঙ্খলার অবনতি ও ঘটনার রহস্য উদঘাটনে ধীরগতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। গতকাল আলমডাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা সভায় বিষয়টি নিয়ে একাধিক সদস্য ক্ষোভ প্রকাশ করেন।


গত ১৬ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর এলাকায় একটি ক্রোকারিজ কোম্পানির ডেলিভারি ভ্যান থামিয়ে প্রায় দেড় লাখ টাকা ছিনতাই করা হয়। একই সঙ্গে নিখোঁজ হন ডেলিভারি ম্যান ফারুক হোসেন। তিনি আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের খালপাড়া গ্রামের বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনী তার ব্যবহৃত পণ্যবাহী আলমসাধু গাড়িটি উদ্ধার করেছে। এছাড়া উদ্ধার হয়েছে তার পরনের লুঙ্গি ও গায়ের পোশাক। তবে ঘটনার পর রাতভর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও এখন পর্যন্ত বন্ধ রয়েছে বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক হোসেন গত তিন বছর ধরে একটি ক্রোকারিজ কোম্পানিতে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন তিনি মেহেরপুর জেলার মথুরাপুর এলাকায় পণ্য সরবরাহ শেষে আলমডাঙ্গায় ফিরছিলেন। তার সঙ্গে কোম্পানির ম্যানেজার বাচ্চু হোসেন ছিলেন। হাটবোয়ালিয়া নতুন বাজার এলাকায় পৌঁছালে বাচ্চু হোসেন নিজ বাড়ির উদ্দেশ্যে গাড়ি থেকে নেমে যান। এরপর ফারুক একাই আলমসাধু নিয়ে রওনা দেন। বৈদ্যনাথপুর মাঠ এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা গাড়ি থামিয়ে তার কাছে থাকা নগদ অর্থ লুট করে বলে অভিযোগ রয়েছে।


এ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ছিনতাই ও সম্ভাব্য অপহরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল ঘটনাস্থল ও আশপাশের মাঠে তল্লাশি চালিয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় টহল জোরদার করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ইউএনও